
চীনের গুপ্তচরবৃত্তির আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সফর করা সাংবাদিকদের মোবাইল ফোন জব্দ করেছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার চীন ছাড়ার আগে এয়ার ফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের ফোন সংগ্রহ করে বিশেষ সংকেত-প্রতিরোধী ব্যাগে রাখা হয়। যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
হোয়াইট হাউসের এক সাংবাদিক জানান, বিমানে ওঠার পর কর্মীদের একজন সাংবাদিকদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন সংগ্রহ করেন। পরে সেগুলো ফ্যারাডে ব্যাগে রাখা হয়। এই ব্যাগের বিশেষ আবরণ মুঠোফোনের সংকেত আদান-প্রদান বন্ধ করে দেয়, যাতে নজরদারি বা গুপ্তচরবৃত্তির ঝুঁকি কমানো যায়।
সাংবাদিকেরা ট্রাম্পের সঙ্গে চীনের শেনজেন থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে নেতাদের বৈঠকে অংশ নিতে তারা প্রেসিডেন্টের সফরসঙ্গী হয়েছিলেন। সম্মেলনের ফাঁকে ট্রাম্প রাশিয়া ও চীনের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নেন।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের সফরসঙ্গী বেশির ভাগ সাংবাদিক ও আলোকচিত্রী চীনে পৌঁছানোর আগেই তাদের নিয়মিত ব্যক্তিগত ও পেশাগত ডিভাইস ফ্যারাডে ব্যাগে রেখে দিয়েছিলেন। এর পরিবর্তে অনেকে সাময়িক ব্যবহারের জন্য আলাদা মোবাইল ফোন ও ল্যাপটপ সঙ্গে নিয়েছিলেন।
তবে চীনে অবস্থানকালে যেসব ডিভাইস ব্যবহার করা হয়েছিল, সেগুলোই সংগ্রহ করে সংকেত-প্রতিরোধী ব্যাগে রাখা হয়। যুক্তরাষ্ট্রে অবতরণের পর সাংবাদিকদের ফোন ফেরত দেওয়া হয়।
ফক্স নিউজের হোয়াইট হাউস প্রতিনিধি জ্যাকি হেনরিখ জানান, গত মে মাসে ট্রাম্পের চীন সফরের সময় সাংবাদিকদের ফোন ফ্যারাডে ব্যাগে রাখতে বলা হয়নি।
সাংবাদিকদের ফোন কেন জব্দ করা হয়েছে, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমরা সতর্ক থাকতে চাই। যাদের ফোন ব্যবহার করা উচিত নয়, তাদের হাতে যেন ফোন না থাকে, সেটি নিশ্চিত করতে চেয়েছি। তাই আমরা খুব সতর্ক ছিলাম।’
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে চীনের গুপ্তচরবৃত্তি নিয়ে উদ্বেগ বেড়েছে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের প্রথম ১৮ মাসে চীন-সংশ্লিষ্ট পাল্টা গোয়েন্দা তৎপরতার অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। আগের বছরের তুলনায় এই সংখ্যা ৮৮ শতাংশ বেশি।
চীনে অবস্থানকালে প্রচারিত ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্পও যুক্তরাষ্ট্র ও চীনের পারস্পরিক গুপ্তচরবৃত্তি নিয়ে রসিকতা করেন। তিনি বলেন, ‘আমরা চীনের ওপর গুপ্তচরবৃত্তি করি, তারাও আমাদের ওপর করে।’ এরপর যুক্তরাষ্ট্র এ কাজে বেশি দক্ষ বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প আরও বলেন, ‘তারা আমাকে এটা বন্ধ করতে বলবে। কিন্তু আমি তা করব কি না, জানি না।’
সাংবাদিকদের ফোন নেওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে, যুক্তরাষ্ট্রে ফেরার পথে ট্রাম্প হয়তো আকস্মিক কোনো যাত্রাবিরতি দিতে যাচ্ছেন। আলাস্কার আকাশসীমায় জ্বালানি নেওয়ার জন্য জারি করা সাময়িক বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এই জল্পনা আরও জোরালো হয়।
কেউ কেউ ধারণা করেছিলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বহুল আলোচিত বৈঠকের জন্য ট্রাম্প দেশটিতে যেতে পারেন।
তবে পরে জানা যায়, আলাস্কায় জ্বালানি নেওয়ার প্রয়োজন না হওয়ায় ওই সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। শেনজেন থেকে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ পর্যন্ত বিরতিহীন দীর্ঘতম উড়াল দিতে যাচ্ছিল এয়ার ফোর্স ওয়ান। এ যাত্রায় মাঝপথে জ্বালানি নেওয়ার প্রয়োজন হয়নি। বিশেষ এই যাত্রা স্মরণীয় করে রাখতে বিমানে থাকা সাংবাদিকদের ট্রাম্পের স্বাক্ষর করা একটি কার্ড দেওয়া হয়।
সূত্র : দ্য টেলিগ্রাফ